নিজের এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি
চার দিনের সফরে নিজের জেলা কিশোরগঞ্জে গিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তার প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাষ্ট্রপতি ইটনা-মিঠামাইন-অষ্টগ্রাম সড়কের ‘অ্যালাইনমেন্ট’ পরিদর্শনে যান। পরে মিঠামইনের ঢাকি-মহিসাকান্দি বেড়িবাঁধও তিনি ঘুরে দেখেন।
স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দুপুরে নিজের জন্মস্থান কামালপুরে পারিবারিক মসজিদে স্থানীয় মুসল্লীদের সঙ্গে জুমার নামাজ পড়েন আবদুল হামিদ।
প্রেস সচিব বলেন, “নামাজ শেষে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।”
পরে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্বজনদের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি।
চারদিনের সফরে বৃহস্পতিবার কিশোরগঞ্জে পৌঁছান আবদুল হামিদ। রোববার তার ঢাকা ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জানান।
সাবেক স্পিকার আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ছেলে তৌফিক এখন ওই আসনের সংসদ সদস্য।
