২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিধি ভেঙে’ নোটিস পেলেন মনজুর

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতীক নিয়ে প্রচার শুরুর প্রথম দিনই মোটর সাইকেল ও গাড়ি শোভাযাত্রা করায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমকে কারণ দর্শাতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 09:27 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

‘নিয়ম ভেঙে’ প্রচার শুরু মনজুরের

শুক্রবার বিকালে নগরীর বিমানবন্দর সড়কে লালদিয়ার চর এলাকায় মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা এবং মিছিল করে নির্বাচনের প্রচার শুরু করেন মনজুর।

এর কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৮টার দিকে মনজুর আলমকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস পাঠান রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি মোটর শোভাযাত্রা করে আচরণবিধি ভঙ্গ করেছেন। নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে কেউ গাড়ি বা মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করতে পারেন না। মিছিলও করতে পারেন না।

এই নির্বাচনী কর্মকর্তা জানান, আচরণ বিধি ভঙ্গের দায়ে মনজুরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আচরণ বিধি ভাঙলে জেল-জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করায় এর আগেও একবার  মনজুর আলমকে নোটিস দিয়েছিল নির্বাচন কমিশন।

চট্টগ্রামে মেয়র পদের অপর দুই প্রধান প্রার্থী আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দিন ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠও রিটার্নিং কর্মকর্তার নোটিস পেয়েছেন।