‘নিয়ম ভেঙে’ প্রচার শুরু মনজুরের
নিয়মে না থাকলেও প্রতীক নিয়ে প্রচারণা শুরুর প্রথম দিনই গাড়ি বহর আর সমর্থকদের মিছিল নিয়ে নিজের সমর্থন জাহির করলেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম।
শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের লালদিয়ার চর এলাকা থেকে মনজুরের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, “মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা বা গাড়ি বহর নিয়ে প্রচারণার বিধান নেই। কেউ করে থাকলে সেটা বিধির লঙ্ঘন করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”
বেলা আড়াইটার পর নগরীর উত্তর কাট্টলী এলাকায় নিজ বাসভবন থেকে কয়েকটি গাড়ি নিয়ে বের হন গত মেয়দে মেয়রের দায়িত্ব পালন করা মনজুর।
বিকাল সোয়া ৩টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের লালদিয়ার চর এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে একটি মিনি ট্রাকে চড়তে যান মনজুর আলমসহ জ্যেষ্ঠ নেতারা। কিন্তু সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের ভিড়ে তারা পেছনে পড়ে যান।
পরে কয়েকজন স্থানীয় নেতার হস্তক্ষেপে ভিড় ঠেলে জ্যেষ্ঠ নেতারা ট্রাকে ওঠেন। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল শ’খানেক কর্মী ও ত্রিশটির মত মোটর সাইকেল।
নেতারা ট্রাকে ওঠার পরপরই মনজুর আলমের নির্বাচনী প্রতীক কমলা লেবু নিয়ে শ্লোগান দিয়ে মিছিল শুরু করে নেতাকর্মীরা।
ট্রাকে থাকা নেতারা দুই পাশে হাত নেড়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হ্যান্ড মাইকেও মার্কা ও প্রার্থীর নামে শ্লোগন দেওয়া হয়।
এ সময় মিছিল থেকে ‘জিয়ার সৈনিক’ ও ‘কমলা লেবু’ স্লোগান চলতে থাকে। সড়কের পাশে সমবেত এলাকাবাসীকে মনজুর আলমের পক্ষে লিফলেটও দেওয়া হয়।
মিছিলের কারণে বিমানবন্দরমুখী যানবাহন মনজুরের প্রচারণার গাড়ি বহরের পেছনে আটকা পড়ে। মিছিলটি পতেঙ্গার বিজয় নগরে পৌঁছানো পর্যন্ত প্রায় আধা ঘণ্টা সড়কের বিপরীত পাশ দিয়ে উভয়মুখী যান চলাচল করে।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর ৪(খ) ধারায় বলা আছে, যানবাহন নিয়ে মিছিল কিংবা মশাল মিছিল করা যাবে না।
শুক্রবার সকালে নগরীর মুসলিম হলে প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, “নির্বাচন পর্যন্ত কোনো মিছিল করা যাবে না। মিছিলের কোনো বিধান নেই।”
প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে ‘প্রাথীদের অবশ্য পালনীয় বিধান’ সম্বলিত লিফলেট দেওয়া হয়। তাতেও লেখা আছে- ‘কোনো ধরণের মিছিল, মিটিং, শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ’।
