সাতক্ষীরায় বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১
সাতক্ষীরা সদরে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে তার ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক জানান, শুক্রবার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম (৪০) ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
ওসি এমদাদুল হক জানান, হাফিজুল ও তার ভগ্নিপতি ইবাদুল ইসলাম একসঙ্গে ভারত থেকে গরু পারাপারের কাজ করতেন। তাদের সঙ্গে কাজ করতেন তবিবুর ও মালেক নামে আরও দুই জন।
এ নিয়ে টাকা লেনদেনের জের ধরে হাফিজুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য এবাদুলকে আটক করা হয়েছে বলে জানান ওসি এমদাদুল।
নিহতের পায়ের রগ কাটা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
