‘যতো বড় ক্ষমতাধরই’ হোক ছাড় হবে না: চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা
চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে কেউ আইন ভঙ্গ করলে তিনি যতো বড় ‘ক্ষমতাধরই’ হোন না কেন তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
শুক্রবার সকালে নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে প্রার্থীদের প্রতীক বরাদ্দের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তা বলেন, “এমন নির্বাচন করতে চাই যে নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন।
“যিনি আইন ভঙ্গ করবেন তিনি যতো বড় ক্ষমতাধরই হোন না কেন তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাতেন বলেন, “আমাদের একমাত্র দায়িত্ব সুষ্ঠূ-অবাধ-নিরপেক্ষ-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। দায়িত্ব পালন করতে না পারলে প্রয়োজনে আমরা চলে যাব। কিন্তু কোনো অপশক্তির কাছে মাথা নত করব না।
“কারা ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করেন তা আমরা বুঝি। যিনি আইন মানবেন তার জন্য আমাদের দরজা সবসময় খোলা।”
পহেলা বৈশাখের উৎসব কেন্দ্র করে নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ড চালানো যাবে না বলে প্রার্থীদের জানিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, “অবশ্যই আমরা নববর্ষ উদযাপন করব। কিন্তু কেউ কোনো শোডাউন যেন না করেন। নির্বাচনী প্রচারণার আকার যেন ধারণ না করে। লোগো বা প্রতীক সম্বলিত টিশার্ট বা উপঢৌকন দিয়ে প্রচারণামূলক কিছু যেন না হয়।”
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে বাতেন বলেন, “নির্বাচন পরিচালনা বিধিমালায় অপরাধ ও দণ্ড নামের অধ্যায় আছে। দণ্ড প্রয়োগ করতে হবে সেটা আমরা প্রত্যাশা করি না।
“নির্বাচন পরিচালনা বিধিমালা অনুসারে কেন্দ্র দখল, জাল ভোট, বাক্স ছিনতাই, ঘুষ প্রদান, প্রতিবন্ধকতা সৃষ্টি, ভোটারদের বাধা দেওয়া বা অতিরিক্ত উৎসাহিত করা- এসবই গুরুতর অপরাধ।”
এসব অপরাধের শাস্তি সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড- সম্পর্কে প্রার্থীদের স্মরণ করিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, “এসব দণ্ড জামিন অযোগ্য। আপনারা মনে করতে পারেন এসব দণ্ডের তেমন প্রয়োগ তো দেখি না। প্রয়োজনে প্রয়োগ করা হবে। বিচারিক হাকিম এসব দণ্ড দেবেন। উনাদের হাতে থাকবে সর্বময় ক্ষমতা।”
আচরণ বিধি ও নির্বাচন পরিচালনা বিধি যথাযথ পালন করা হচ্ছে কি না তা তদারকিতে শুক্রবার থেকেই ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীতে কাজ শুরু করছেন বলে জানান আবদুল বাতেন।
