২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানকে ফাঁসি না দিতে ইইউ’র আহ্বান

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির কার্যকর না করে সাজা কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

সব আইনি প্রক্রিয়া শেষে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে আলোচনার মধ্যেই এক বিবৃতি দিয়ে সর্বোচ্চ সাজা কার্যকর না করতে এই আহ্বান জানায় ইউরোপের ২৮টি দেশের এই জোট।

ব্রাসেলস থেকে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, ইইউ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী এটার (সর্বোচ্চ সাজা) বিলুপ্তির আহ্বান জানিয়ে আসছে’।  ইইউ মনে করে, সর্বোচ্চ সাজা ‘অপরাধ নির্মূলকারী নয় এবং তা অপরিবর্তনযোগ্য বিচারের অপব্যবহার ঘটায়’।

এতে বলা হয়, কামারুজ্জামানের মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড নিশ্চিত করার পর  ‘যে কোনো ক্ষেত্রে এবং প্রেক্ষাপটে সর্বোচ্চ সাজার প্রয়োগের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছে ইইউ’।

সব মৃত্যুদণ্ড পরিবর্তনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে সর্বোচ্চ সাজা বিলুপ্তির অংশ হিসেবে দণ্ড কার্যকরে স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়েছে ইইরোপীয় দেশগুলোর এই জোট।

এর আগে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়ে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও নির্যাতনের দায়ে ২০১৩ সালে জামায়তের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল আদালতও সেই রায় বহাল রাখে।

সর্বোচ্চ আদালতের সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও গত সোমবার খারিজ হয়ে গেলে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আলোচনা শুরু হয়।

ট্রাইব্যুনালে কামারুজ্জামানের ফাঁসির রায়ে বিচারক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এই জামায়াত নেতা ছিলেন আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান। তিনি যেভাবে যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তাতে ‘সর্বোচ্চ শাস্তি না দিলে সুবিচার হবে না’।

আপিল বিভাগে কামারুজ্জামানের ফাঁসির রায় আসে শেরপুরের নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রামে ১৯৭১ সালে ১২০ জন পুরুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যার ঘটনায়।

রায়ে বলা হয়, কামারুজ্জামান যেসব যুদ্ধাপরাধ ঘটিয়েছেন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের চেয়েও ভয়াবহ’ ছিল।

এর আগে ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে ফাঁসি স্থগিত রাখরা আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই।

জামায়াতে ইসলামীর পাশাপাশি পশ্চিমা বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশে যুদ্ধাপরাধের এই বিচারের মান নিয়ে প্রশ্ন তুলে আসছিল। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, একাত্তরের যুদ্ধাপরাধের এই বিচারের আন্তর্জাতিক মান পুরোপুরি নিশ্চিত করা হয়েছে এবং অন্য অনেক দেশে না থাকলেও এই ট্রাইব্যুনালে আসামির জন্যও আপিলের সুযোগ রাখা হয়েছে।

যেসব সংগঠন সাজা হিসাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর নিয়ে কথা বলেছে, তাদের আহ্বানের জবাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তির কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। এক্ষেত্রে ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে ১২ জন নাৎসির মৃত্যুদণ্ডের রায়ের কথা বলছেন তারা।