ভোটে নাশকতাকে ‘না’ বলুন: সাঈদ খোকন
গত তিন মাসে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানির জন্য আন্দোলনকারী বিএনপি জোটকে দায়ী করে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
বৃহস্পতিবার শ্যামপুর থানার দোলাইড়পাড়ের গ্রিনহাউজ কমিউনিটি সেন্টারে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও ওই সভায় ছিলেন।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
সাঈদ খোকন বলেন, “আন্দোলনের নামে তারা সারা দেশে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আগামী ২৮ এপ্রিল ভোট চাই।”
দুই যুগ আগে মেয়র নির্বাচনে সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফের কাছে হেরে যাওয়া মির্জা আব্বাস প্রকাশ্যে না এলেও তার স্ত্রী আফরোজা আব্বাস স্বামীর হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
গত তিন দিন ধরে প্রচার চালিয়ে আসা সাঈদ খোকনের সঙ্গে মতবিনিময় সভায় ছিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, শ্যামপুর-বাদামতলী থানা আওয়ামী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সানজিদা খানম প্রমুখ।
রাজ্জাক বলেন, “খালেদা জিয়ার জঙ্গিবাদী আন্দোলনে সহিংসতার শিকার হয়ে শত শত মানুষ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মুসলিম লীগের মতো বিএনপির স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।”
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় ঢাকাবাসী নাগরিক সুবিধাবঞ্চিত হয়েছিল দাবি করে তিনি বলেন, “শনির আখড়ায় পানির জন্য হাহাকার করে জনগণ এক এমপিকে তাড়া করেছিল, সেটা সবার মনে আছে। তার নাম দৌড় সালাউদ্দিন।”
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাঈদ খোকনকে মেয়র নির্বাচিত করতে শনির আখড়াসহ শ্যামপুরবাসীদের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।
সাঈদ খোকন মেয়র নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহসহ বিভিন্ন সেবাখাতের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
“নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ঢাকাকে বিশ্বের প্রথম সারির শহরের মতো করে গড়ে তোলা।”
শ্যামপুরের বিভিন্ন স্থানে পথসভা করে ফিরে বিকালে গুলিস্তান ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন সাঈদ খোকন। এরপর কোতোয়ালি এলাকার ২৩, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
