ঢাবির আরবি বিভাগের শিক্ষক ফখরুদ্দিনের অপসারণ দাবি
যৌন কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক এটিএম ফখরুদ্দীনকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করার দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের চতুর্থ তলায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
আগের দিন অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিভাগের সামনে বিক্ষোভ মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা। এর পর ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী উপস্থিত থেকে ওই শিক্ষকের কক্ষ (৪০২২) সিলগালা করে দেন।
সংবাদ সম্মেলনে ওই শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে অধ্যাপক মো. ইউসুফ বলেন, একজন শিক্ষকের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে শিক্ষাদান করা এবং শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখা।
বিভিন্ন অনিয়মের পাশাপাশি অধ্যাপক ফখরুদ্দীন বিভাগের একাধিক শিক্ষার্থীর কাছ থেকে বিদেশ নিয়ে যাওয়ার নাম করে তিন থেকে চার লাখ করে টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “ওই শিক্ষক যতদিন আমাদের বিভাগে থাকবে ততদিন আমরা মুখ তুলে তাকাতে পারবো না। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অধ্যাপক ফখরুদ্দিনের দ্রুত অপসারণ দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন ও সহযোগী অধ্যাপক মারুফ হোসাইনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
