মানিকগঞ্জে ভুয়া এইচএসসি পরীক্ষার্থী দণ্ডিত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে এক ভুয়া পরীক্ষার্থীকে ধরে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় আব্দুর রহিম খান মহিলা কলেজ কেন্দ্র থেকে তরুণকে আটক করা হয়।
পরে দুপুরে ঘিওর উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফুল ইসলাম তাকে দণ্ড দেন।
দণ্ডিত আনোয়ার হোসেন (১৯) উপজেলার তেরশ্রী ইউনিয়নের বাইলাজুলি এলাকার জয়নুদ্দিনের ছেলে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
সহকারী কমিশনার শরিফুল ইসলাম জানান, আনোয়ার হোসেন ঘিওর সরকারি কলেজের অনিয়মিত পরীক্ষার্থী আল-মামুনের (রোল নম্বর ৩৪১০০৪) হয়ে ইংরেজি ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
এ সময় আল-মামুনের স্বাক্ষরের সঙ্গে আনোয়ারের দেওয়া স্বাক্ষরের মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্র পরিদর্শক।
পরে তিনি বিষয়টি স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় বলে জানান শরিফুল।
