হালদা ভ্যালিতে ‘মাউন্টেন বাইক চ্যালেঞ্জ’
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি চা বাগানে ‘মাউন্টেন বাইক চ্যালেঞ্জ ও হাফ ম্যারাথন’ আয়োজন করেছে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানানো হয়। আয়োজকদের দাবি, বাংলাদেশে চা বাগানে এই ধরনের আয়োজন এটাই প্রথম।
‘পেডরোলো মাউন্টেন বাইক চ্যালেঞ্জ এবং রান ফর ওয়াটার’ শিরোনামের এই আয়োজন আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ ও বিশ্ব পানি দিবসকে কেন্দ্র করে।
১০ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা টা পর্যন্ত হবে ৩০ কিলোমিটার মাউন্টেন বাইক চ্যালেঞ্জ। পরদিন সকাল ৮টা থেকে বেলা ১২টায় হবে ২১ ও ১০ কিলোমিটারের দুটি হাফ ম্যারাথন।
এছাড়া ১০ এপ্রিল স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের দুইশ শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত হবে পরিচ্ছন্নতা অভিযান।
সংবাদ সম্মেলনে পেডরোলো এনকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান বলেন, এবছর আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ এবং ২২ মার্চ বিশ্ব পানি দিবস। বাংলাদেশের জন্য এ দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ।
“এ উপলক্ষে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়তে এবং যুব সমাজকে সত্যিকারের রোমাঞ্চিত জীবনে অনুপ্রাণিত করতেই এ আয়োজন।”
পেডরোলো এনকে লিমিটেডের পরিচালক ইমরান খান বলেন, পেডরোলো বাংলাদেশের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩০ কিলোমিটার মাউন্টেন বাইক চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেডরোলো এসটিএ ইটালির একপোর্ট ম্যানেজার এলেসিও ফ্রান্সিস, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর র. খন্দকার, উত্তর মোটর বাংলাদেশের চট্টগ্রাম ইনচার্জ মোহাম্মদ শহীদ এবং এয়ারটেল বাংলাদশের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর নাসিফ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে জানানো হয়, মাউন্টেন বাইক চ্যালেঞ্জে ৩০ জন এবং হাফ ম্যারাথনে ৩০ জন প্রতিযোগী অংশ নেবেন।
