জয়পুরহাটে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন, শ্রমিক দগ্ধ
বিএনপি-জামায়াত জোটের অবরোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ভোররাতে ভারাহুত এলাকার পাঁচবিবি-শিরট্টি সড়কে এ ঘটনায় এক শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধ শহিদুল ইসলাম (৩৪) জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার আজগর আলীর ছেলে।
জয়পুরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িত অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মোস্তফা।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভারাহুত গ্রামের মৃত চৈতা মণ্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৮), হাঁটুভাঙ্গা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ইব্রাহিম মণ্ডল (৩০) ও ঢাকারপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।
দগ্ধ শহিদুল বলেন, ভোররাতে রড বোঝাই ট্রাকটি ভারাহুত এলাকায় পৌঁছলে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ট্রাক চালক ও সহকারী নামতে পারলেও আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
৫ জানুয়ারি থেকে সরকার পতন ও নতুন নির্বাচনের দাবিতে গুলশানের কার্যালয় থেকে সারাদেশে অবরোধের ডাক দেন বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়া। ফাঁকে ফাঁকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে চলে হরতাল।
অবরোধ-হরতালের সময় বিভিন্ন নাশকতা ও যানবাহনে পেট্রোল বোমায় প্রায় দেড়শ মানুষের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে দগ্ধ হয়ে।
সম্প্রতি তিন সিটি নির্বাচনকে কেন্দ্র করে এবং দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা আদালত থেকে জামিন নেওয়ার পর বিএনপি-জামায়াত জোট নতুন করে হরতালের ঘোষণা দেওয়া থেকে বিরত থাকলেও অবরোধ বন্ধের কোনো ঘোষণা আসেনি।
