মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মাগুরার মহম্মদপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালিশংকরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন মোল্লা (৪৫) কালিশংকরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে।
ওসি আতিয়ার বলেন, সকালে হারুন কালিশংকরপুর এলাকার গুচ্ছগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
