ঢাকায় জাল ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ এক পাকিস্তানিকে আটক করেছে গুল্ক গোয়েন্দারা।
আটক ওই পাকিস্তানির নাম সাজ্জাদ হোসেন (৪৯)।
বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় আসেন সাজ্জাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার লাগেজ তল্লাশি করে দুই কোটি টাকা সমমানের ভারতীয় জাল রুপি পাওয়া যায়।
সাজ্জাদ এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বলে শুল্ক কর্মকর্তা রিয়াদুল জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন অবৈধ মুদ্রাগুলো এই দেশে নিয়ে আসছে তা সাজ্জাদের কাছে বারবার জানতে চাওয়া হলেও সে মুখ খুলছে না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।”
