মেহেরপুরে ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা
মেহেরপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ফারুক হোসেন (৪৫), রফিকুল ইসলাম (৩৬) এবং গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শরিফুল ইসলাম (৪৩)।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতের দিকে ১০/১২ জনের একটি দল অস্ত্র-বোমা নিয়ে রাজাপুর গ্রামে ঢুকলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।
“এসময় দুর্বৃত্তরা পরপর পাঁচটি হাতবোমা ফাটায়। একপর্যায়ে আরো লোক জমায়েত হয়ে তাদের তিনজনকে ঘিরে ফেলে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যান।”
সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আজবাহার জানিয়েছেন।
