চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে ২০ কেজি সোনা
চট্টগ্রামের মাঝিরঘাটের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর গুদাম থেকে বিপুল পরিমাণ সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, বুধবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার আনু মাঝির ঘাট সংলগ্ন ‘এসি মেলা’ নামের ইলেক্ট্রনিক্স পণ্যের গুদামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার ২০ কেজির সোনার মধ্যে রয়েছে ১৪ কেজি ২০০ গ্রাম ওজনের ১২০টি সোনার বার এবং পাঁচ কেজি ৮০০ গ্রাম ওজনের বিভিন্ন স্বর্ণালংকার।
আটকরা হলেন- এমরান ও টিটু। এদের মধ্যে টিটু ‘এসি মেলা’ গুদামের ম্যানেজার হিসেবে কাজ করেন। তাদের ব্যাপারে আর বিস্তারিত জানায়নি পুলিশ।
সদরঘাট থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই গুদাম থেকে ইলেকট্রনিক্স পণ্যের আড়ালে স্বর্ণ নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়।
“ঘটনাস্থলে এসে দেখা যায় গুদাম থেকে বের করে চারটি বাক্স একটি লাল রঙের গাড়িতে তোলা হচ্ছে। এ সময় এমরান ও টিটুকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি নিয়ে লুকোচুরির চেষ্টা করে।”
বিষয়টি উচ্চ পদস্থ কর্মকর্তাদের জানানোরন পর সবার উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয় বলে জানান তিনি।
সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির পাশে কর্ণফুলী নদী তীরবর্তী আনু মাঝির ঘাটে ‘এসি মেলা’ নামের ওই প্রতিষ্ঠানের গুদাম। বন্দর থেকে ইলেকট্রনিক্স পণ্য এনে সেখানে রাখা হয়।
গাড়ি থেকে উদ্ধার করা চার বাক্সে ‘হোম থিয়েটার’ এর বিভিন্ন যন্ত্রাংশের ভেতরে কার্বন পেপার দিয়ে দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণবার ও অলংকারগুলো রাখা ছিল।
অভিযানের সময় রাত ১টার দিকে ঘটনাস্থলে যান চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
তিনি বলেন, ইলেকট্রনিক্স পণ্যের আড়ালে দুবাই থেকে এসব সোনার বার ও স্বর্ণালংকার আনা হয়।
পুলিশ কমিশনার গুদামটি বন্ধ করে দিতে বলেন এবং এসআই আনোয়ারকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান বলেন, উদ্ধার করা এসব স্বর্ণালংকার বৈধভাবে আনতে হলে কয়েক কোটি টাকা শুল্ক দিতে হতো।
