২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিন: গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতি

গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবাদ ও মতামত পরিবেশনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 12:19 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

তিনি বলেছেন, “বর্তমানে দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা বিরাজ করছে। এই পরিবেশে সংবাদপত্র ও মিডিয়ার দায়িত্ব অপরিসীম। সংবাদ ও মতামত পরিবেশনে মিডিয়া দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে-এটাই সকলের প্রত্যাশা।”

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৪’ প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমানের স্মৃতি সংরক্ষণে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার’ জন্য এই পদক দিচ্ছে।

আবদুল হামিদ বলেন, গণতন্ত্র ছাড়া সমাজে যেমন মানবাধিকার প্রতিষ্ঠা হয় না তেমন ব্যক্তিস্বাতন্ত্র্যেরও বিকাশ ঘটে না। মানুষের পরিপূর্ণ স্বাধীনতা এবং বাক ও চিন্তার স্বাধীনতা কেবল গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারে। দেশ ও মানুষের কল্যাণে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করতে হবে।

গণতন্ত্র বিকাশে সংবাদপত্রের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদপত্র জনগণের মতামত ও আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়।

স্বাধীনতার ইতিহাস বিকৃতি প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, “আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস নানাভাবে বিকৃত হয়েছে। স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থে এটি ব্যবহার করেছে। তরণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”

সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “তার নির্মোহ ও দৃঢ়চেতা লেখনী সবসময়ই আমাকে আকর্ষণ করত। তিনি নিজে যা বিশ্বাস করতেন তাই লিখতেন। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে আজীবন লালন করে গেছেন। আদর্শ ও বিশ্বাসের সাথে কখনও আপস করেননি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে তার কলম ছিল সবসময়ই সোচ্চার।”

২০১৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক পেয়েছেন প্রিন্ট মিডিয়া ক্যটাগরিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর এবং এবং টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের ‘অনুসন্ধান’ সেলের সম্পাদক মিজান মালিক।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে পদক প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী।