২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের স্বজনদের প্রস্তুতি  

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকরের অপেক্ষার মধ্যে মুহাম্মদ কামারুজ্জামানের দাফনের প্রস্তুতি শুরু করেছেন শেরপুরের গ্রামে তার স্বজনরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 11:38 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

শেরপুর সদরের কুমরি বাজিতখিলা এতিমখানা সংলগ্ন পৈতৃক জমিতে বুধবার প্রস্তুতি দেখা যায়।

জামায়াত নেতা কামারুজ্জামান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আইনি সব প্রক্রিয়া শেষে এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে এই যুদ্ধাপরাধীর জন্য।

বুধবার বিকালে ট্রাকে করে মাটি ফেলে কামারুজ্জামান প্রতিষ্ঠিত এতিমখানা, মসজিদ ও কুমরি দাখিল মাদ্রাসার কাছে বাজিতখিলা গাজীরখামার রাস্তার পাশের জমিটি উঁচু করা হয়।  

এতিমখানার ফাঁকা জায়গায় কবরের জন্য ইট ও বালু এনেও রাখা হয়। কামারুজ্জামানের ভাইসহ আত্মীয়-স্বজনরা সেখানে কবর প্রস্তুতির কাজের তদারক করেন।  

কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের শেষ ইচ্ছা এবং পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই এতিমখানার পাশের পৈতৃক জমিতে কবর দেওয়ার প্রস্তুতি চলছে।

রাষ্ট্রপতির ক্ষমা না পেলে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড যদি কার্যকর হয়, তাহলে এখানেই তাকে দাফন করা হবে বলে জানান কফিল। 

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে কামারুজ্জামানের লাশ হস্তান্তর, জানাজার নামাজ ও কবর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।”

এর আগে শেরপুরের মাটিতে কামারুজ্জামানকে কবর দিতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সে বিষয়ে কফিল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিবারে কাছে না দেওয়ার কোনো নজির পৃথিবীতে নেই। তারা বললেই তো হবে না।”

এ সময় কামারুজ্জামানের আত্মীয়-স্বজনরা সংবাদকর্মীদের ঘিরে ক্ষোভ করেন এবং মিডিয়ার সামনে তারা কোনো কথা বলবেন না জানিয়ে হট্টগোল শুরু করেন।

এদিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ নুরুল ইসলাম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন যাতে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের কবর শেরপুরের মাটিতে না হয়।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

সময় পেলেন কামারুজ্জামান