২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞায় চলছে মাছ শিকার

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মেঘনায় মার্চ ও এপ্রিল দুমাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও জেলেরা তা মানছে না।

চাঁদপুর প্রতিনিধি

আল-ইমরান শোভন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 06:36 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

কর্তৃপক্ষ বলছে সচেতনতা ও জনবল সঙ্কটের কারণে এ নিষেধাজ্ঞা বলবৎ করা যাচ্ছে না।

জেলেদের দাবি, তাদের জন্য সরকারের সহায়তা পর্যাপ্ত না হওয়ায় তারা নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার করতে বাধ্য হচ্ছে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর-আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।

এ দুমাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞার সময়কে ঘিরে চার মাস (ফেব্রুয়ারি থেকে মে) জেলেদের প্রতি পরিবারকে মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।

এদিকে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গত ৫ এপ্রিল চাঁদপুরে মেঘনা নদীতে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অংশ নেন।

এর একদিন আগে (৪ এপ্রিল) জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় অংশ নেন মৎস্য মন্ত্রী।

ওই সভায় মোহাম্মদ ছায়েদুল হক বলেন, “প্রতিবছর মেঘনায় জাটকা রক্ষাকল্পে অভিযান চালানো হলেও তাতে কোনো ধরনের ফল পাওয়া যাচ্ছে না।”  

তিনি বলেন, সরকারের সব শক্তি নিয়োগের পরও জাটকা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনী, টাস্কফোর্স, মোবাইল কোর্টকে দিয়েও কিছুতেই কিছু হচ্ছে না।

“এভাবে চলতে থাকলে ইলিশের অস্তিত্ব সংকটে পড়বে।”

সুচিন্তিত মতামত দিয়ে ইলিশ রক্ষায় এগিয়ে আসতে তিনি তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের আহ্বান জানান।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুরে মেঘনায় মাছ ধরায় নিয়োজিত রয়েছে ৩৬ হাজার ৫৩৫ জন জেলে। তাদের মধ্যে ২৮ হাজার ৯৬৭ জেলেকে মাছধরা নিষিদ্ধের সময়কালে প্রতিমাসে ৪০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়।

তিনি বলেন, “আমরা কোস্টগার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু জাটকা নিধন বন্ধ করা সম্ভব হচ্ছে না।”

এর জন্য লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা বলেন তিনি।

মৎস্য কর্মকর্তা আরও জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে ১ হাজার ২৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে রিকশা, ভ্যান, হাঁস-মুরগি ও সেলাই মেশিন প্রদান করা হবে। আগামীতে এই সংখ্যা আরও বাড়ানোর চিন্তা আছে।

নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তির ব্যাপারে তিনি বলেন, এ সময় কেউ মাছ ধরলে বা জাল ফেললে তার জেল জরিমানা, জাল পুড়িয়ে দেওয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতক্ষণ না পর্যন্ত মেঘনায় নিষিদ্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত চাল সরবরাহ করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অভিযানই কাজে আসবে না।”

তিনি বলেন, জেলেদের প্রতিমাসে মাত্র ৪০ কেজি করে চাল দেওয়া হয়, অথচ এই চাল জেলেদের জন্য কিছুই নয়। অনেক জেলের পরিবারে ৮/১০ জন সদস্য রয়েছে। এছাড়া সন্তানের পড়াশুনা ও সাংসারের বিভিন্ন কাজে টাকার প্রয়োজন তো রয়েছেই।

চাঁদপুর মৎস্যজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান বলেন, জাটকা নিধন বন্ধ করতে হলে মেঘনায় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

পাশাপাশি যারা কারেন্ট জাল উৎপাদন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান ও চালের পরিমাণ বাড়ানোর কথাও বলেন তিনি।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাসিন্দা জেলে আবুল কাশেম বলেন, “আমাদেরকে যে পরিমাণ চাল দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো যায় না। তাছাড়া শুধু চাল দিলেই তো হবে না, তরিতরকারি বা মাছ-মাংস ও ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ দেবে কে?”

একই এলাকার জেলে আব্দুল জলিল, মো. হারুন, জলিলসহ কয়েকজন জেলের অভিযোগ, এমনিতেই চালের পরিমাণ কম। আবার এর মধ্যে অনেক সময় পরিমাণে চাল কম দেওয়া হয়।

তারা চালের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়েই নিষেধাজ্ঞা অমান্য করে তারা নদীতে মাছ শিকার করছেন এবং এছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই বলে জানান তারা।

লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে বলেন, জেলেরা যাতে নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে সেজন্য চেষ্টা চলছে।

“জেলে সহায়তা পর্যাপ্ত না হওয়ায় অনেকে মেঘনায় মাছ ধরছে।”

এজন্য জেলেদের সহায়তার পরিমাণ বাড়ানো এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেন তিনি।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান জানান, মেঘনা নদীতে গত মার্চ মাসের অভিযানে ৯৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমানা করা হয়।

অভিযানে ৯১ লাখ ৮৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ লাখ ৫৭ হাজার মিটার অন্যান্য জাল এবং ৪ হাজার ৪২০ কেজি জাটকা ও ইলিশ আটক করা হয় বলে জানান তিনি।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ (এসআই) মো. মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জাটকা নিধন বন্ধ করা সম্ভব হচ্ছে না। লোকবল সংকটের কারণে এতবড় নদীতে সারাক্ষণ জেলেদের পাহারা দেয়াও সম্ভব হচ্ছে না।”

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করা উচিত।

এছড়া নিষিদ্ধকালীন জেলে নৌকাগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জিম্মায় রাখা গেলে জাটকা নিধন প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।