২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা দিতে নার্সিংয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়ে সেবামূলক এ পেশায় আসতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 02:06 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

অসুস্থতার সময় রোগীদের সেবা-শুশ্রূষা দেওয়া নার্সের পেশাকে ‘মহৎ’ বলে অভিহিত করেছেন তিনি।

বুধবার সকালে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আমি ইয়াং জেনারেশনকে বলব- এটা মহৎ পেশা। এই পেশা গ্রহণ করে আগামীতে এক একজন ফ্লোরেন্স নাইটেঙ্গেল হবে।”

গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়িতে অবস্থিত এই নার্সিং কলেজে  আন্তর্জাতিক মানের নার্সিং প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ২০১১ সালের ১৪ জানুয়ারি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক ও  ছোট বোন শেখ রেহানার সঙ্গে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

মালয়েশিয়ার সেবা সংস্থা কামপুলান পেরুবাতান জহর (কেপিজে) শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা আশা করছি এখান থেকে উচ্চশিক্ষিত দক্ষ নার্স বেরিয়ে আসবেন। তারা দেশের পাশাপাশি বিদেশের হাসপাতালগুলোতে কাজের সুযোগ পাবেন।”

এই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ দশজন নার্সকে মালয়েশিয়ায় পাঠানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।

বিদেশে না গিয়ে এই হাসপাতালেই নিজে  সব ধরনের চিকিৎসা নেওয়ার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আমার সকল চিকিৎসা এই হাসপাতালে নেব। কেউ বিদেশে যাওয়ার কথা বললে এখানে চলে আসব।”

দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদেশে যাওয়া নয়, দেশেই যেন চিকিৎসা নিতে পারি।

“অসুখ-বিসুখ হলেই বিদেশে যেতে হবে- আমার এই বিষয়ে অনীহা। কেন বিদেশে যেতে হবে?”

আড়াইশ শয্যার এই হাসপাতালে আগামীতে পাঁচশ শয্যা করার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এটাকে মেডিকেল কলেজ করে দেওয়া হবে।”

নার্সিং কোর্স উদ্বোধন করতে পেরে সন্তোষ জানিয়ে শেখ হাসিনা বলেন, “অনেকে বলতে পারেন- নার্সিং কলেজের উদ্বোধনে প্রধানমন্ত্রী কেন যাবে?

“আমি নার্সিং পেশাকে অত্যন্ত মর্যাদা দিই। তাদের শুশ্রূষায় রোগীরা ভালো হয়। এটা একটা মহৎ পেশা। আমাদের এখানে আগে এটাকে ছোট করে দেখা হত। আমার এখানে আসার উদ্দেশ্য একটাই-এই পেশাকে আরো গুরুত্ব দেওয়া।”

উত্তরাধিকার সূত্রে পাওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ সব অর্থ-সম্পদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে তুলে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

এই ট্রাস্ট থেকে গাজীপুরের কল-কারখানা, ইপিজেড ও আশপাশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে ছয় একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে।

হাসপাতালের রোগীদের সুবিধায় একটি আন্ডারপাস নির্মাণ করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রায় এক হাজার সাতশ দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি ও দুঃস্থদের সহায়তা দেওয়া এবং ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার ব্যয় মেটানোর কথা  উল্লেখ করেন শেখ হাসিনা। 

ওই ট্রাস্ট থেকে দেশব্যাপী আই ক্যাম্প স্থাপনসহ গরীব রোগীদের চিকিৎসা সুবিধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, পরিচালনা পরিষদের সদস্য নাজমুল হাসান পাপন, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম এবং কেপিজে হেলথ কেয়ারের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আমিরউদ্দিন আব্দুল সাত্তার বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং কলেজের প্রথম ব্যাচের ছাত্রী সাদিয়া ফারহানা।