২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে শুক্রবার চট্টগ্রামে সংবর্ধনা

বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ সফলতা অর্জন করায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 08:54 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে শুক্রবার বিকালে ‘চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ’ এ সংবর্ধনার আয়োজন করেছে।  

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান হবে।

ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আলমগীর বলেন, বিশ্বকাপে এ পর্যন্ত বাংলাদেশ দলের এটাই বড় সাফল্য। তাদের সাফল্যকে সম্মান জানাতে এ আয়োজন।

শুক্রবার সকালে বিমানযোগে চট্টগ্রাম আসবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বেলা ৩টায় সংবর্ধনাস্থলে যাবেন তারা। বেলা ২টায় স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

বিকাল ৩টায় মূল অনুষ্ঠানে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উত্তরীয় পড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হবে।

সিরাজউদ্দিন আলমগীর জানান, অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাফল্যের দিকগুলো নিয়ে পাঁচ মিনিটের একটি ডকুমেন্টারি দেখানো হবে।  

জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও চট্টগ্রামের সন্তান তামীম ইকবাল বিশ্বকাপে তাদের সাফল্য দিয়ে বক্তব্য দেবেন।  

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্রাহ, পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও স্পনসর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখবেন।

ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দলের সব সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরো অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে ৩৫ লাখ টাকা, যার পুরোটাই দেবে স্পনসর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলমগীর বলেন, “বাজেটের সিংহভাগ খেলোয়াড়দের উপহারের পেছনে ব্যয় করা হবে।