ঢাকায় গাড়িচালকের লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মো. জয়নাল(৩৭)। বুকে ধারাল অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
খিলগাঁও থানার এসআই সৈয়দ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে ভূঁইয়াপাড়ার রবিনবাগ এলাকার একটি ময়লার স্তূপের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
“তার বুকে ধারাল অস্ত্রের জখমের চিহ্ন ছিল,” বলেন তিনি।
জয়নালের বাবার নাম আবদুল জলিল। শরীয়তপুরের ডামুড্ডার কালিরগাঁওয়ে তার বাড়ি। বাসাবো এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিযে থাকতেন জয়নাল।
কী কারণে জয়নালকে হত্যা করা হয়েছে, তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সৈয়দ আলী। তিনি বলেন, এই বিষয়ে তদন্ত চলছে।
