২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের কপির অপেক্ষা

রিভিউ খারিজের  রায়ের অনুলিপি আদালত থেকে কারাগারে না যাওয়ায় একদিন পরেও গতি পায়নি যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড কার্যকরের প্রক্রিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার সকাল ৯টায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করার পর দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়, কারাগারে নেওয়া হয় প্রস্তুতি।

সুপ্রিম কোর্টের নিবন্ধক সৈয়দ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত রায়ের কপি আদালতের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেনি। ফলে তা কারাগারেও পাঠানো যায়নি।

এদিকে রায়ের কপি না পাওয়ায় ফাঁসির আসামি কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানাতে পারছে না কারা কর্তৃপক্ষ।

এ বিষয়টির ফয়সালা না হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া আটকে আছে বলে আগের দিনই জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

“আদেশটাতো যাইতে হবে। আদেশটা না গেলে ক্যামনে ফাঁসি দেয়।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জামায়াত নেতা কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিকভাবে রায়ের কপি এখনো পাইনি। জানা মতে এখনো রায়ে সই হয়নি। রায়ের কপি আনুষ্ঠানিকভাবে না জানানো হলে দণ্ড কার্যকরের আইনি সুযোগ নেই।”

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার রায়ের পর জানান, নিয়ম অনুযায়ী কামারুজ্জামান অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।

২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী কাদের মোল্লার  ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, কামারুজ্জামানের দণ্ড কার্যকরের আগে প্রাণভিক্ষা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়টিই কেবল বাকি আছে। তবে সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করায় এখন শুধু প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তির অপেক্ষা।

আদালতের রায় জানাজানির পর সোমবারই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সন্ধ্যায় কারাগারের সামনে রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

দুপুরের পর থেকে সংবাদকর্মীরা কারাগারের সামনে ভিড় করে থাকলেও রাতে কারা কর্তৃপক্ষ জানায়, রায়ের অনুলিপি না পাওয়ায় সোমবার আর দণ্ড কার্যকর হচ্ছে না।

তবে কারা কর্তৃপক্ষ ‘সব প্রস্তুতি’নিয়ে রেখেছে বলে কারা তত্ত্বাবধায়ক ও আইনমন্ত্রী জানিয়েছেন।

একাত্তরে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয়।

এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

পুরনো খবর:

রায়ের কপির জন্য আটকে আছে ফাঁসি