‘যুদ্ধাপরাধের মামলা নিষ্পত্তিতে দায়বদ্ধ সুপ্রিমকোর্ট’
যুদ্ধাপরাধীদের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য জনগণের কাছে সুপ্রিমকোর্ট দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন ইতিহাস গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন।
ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের আয়োজনে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করারও দাবি জানান।
মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশের সংবিধানের সংরক্ষণ করার দায়িত্ব দেশের সুপ্রিমকোর্টের। সে কারণে দেশের জনগণের কাছে দায়বদ্ধ সুপ্রিমকোর্ট।
“কিন্তু মুক্তিযুদ্ধকে যদি অগ্রাধিকার না দেয় তাহলে সে আদালত জনগণের প্রতি দায়বদ্ধ নয়। বার বার আপিল বিভাগে কামারুজ্জামানের মামলার রিভিউ শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। খন্দকার মাহবুব হোসেনকে আমরা প্রতিদিন টিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু আদালতে বলা হচ্ছে তিনি অসুস্থ তাই শুনানি পিছানো হচ্ছে।
“সুপ্রিমকোর্ট কি তাহলে আমাদের মিথ্যাচার করতে শিখাচ্ছে? এটা অবমাননা হোক আর যা-ই হোক, এটা আমাকে বলতে হবে। আমার দায়বদ্ধতা আপনারা মানবেন না, এটা আমাকে বলতে হবে, এতে কীসের আদালত অবমাননা হবে?”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি থেকে একটি কমিয়ে ফেলার বিরোধিতা করেন শাহরিয়ার কবির।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির,শিল্পী হাশেম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে প্রস্তাব দেওয়া হবে এবং এই স্বীকৃতি আদায়ের জন্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
একাত্তরে গণহত্যার নিদর্শন হিসেব দেশের বিভিন্ন স্থানে বদ্ধভূমি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি পুরনো প্রকল্প চালু করার প্রস্তাব রাখেন মুনতাসীর মামুন।
