কালবৈশাখীতে সাত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৯
মৌসুমের শুরুতে কালবৈশাখী ঝড়ে বগুড়া ও রাজশাহীসহ সাত জেলায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রোববার রাত সাড়ে ১০টা পযর্ন্ত বগুড়ায় ১৪ জন, রাজশাহীতে দুজন এবং পাবনা একজনের খবর পাওয়া যায়।
জেলাগুলোর বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ক্ষয়ক্ষতিসহ অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও কালবৈশাখী ঝড়ের পর থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে বগুড়া জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর
শনিবারের কালবৈশাখী ঝড়ে বগুড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে গতকালই পাচঁজনের এবং রোববার আরো ১৪ জনের মৃত্যু হয়।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যার ঝড়ের পরপরই শহরের বউবাজার এলাকায় দেয়ালের নিচে চাপা পড়ে দুজন এবং শাহজাহানপুর উপজেলায় আরও একজনের মৃত্যু।
এছাড়া সাত উপজেলার বিভিন্ন স্থানে গাছের নিচে চাপা পড়ে, দেয়াল চাপায় ও বিদ্যুৎস্পৃষ্ঠে শতাধিক লোক আহত হন।
রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত আহতদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয় বলে জেলা প্রশাসক জানান।
নিহতদের মধ্যে রয়েছেন- বগুড়া সদরের আজিরন খাতুন (৩৫), নীলা (৬মাস), রজব আলী (১৫), পলাশ (১৮), সোনতলা উপজেলার ফিরোজা বেগম (৫৫), কাহালু উপজেলার ইসমাইল হোসেন (৩৮), আজিজুল হক (৩৫), গাবতলী উপজেলার আসমা খাতুন (৩৪), শাহজাহানপুর উপজেলার আব্দুল মান্নান (২৮), রাবেয়া বেগম (৬৫), পায়েল (১৮), সারিয়াকান্দি উপজেলার সুজন (৩০), শান্তা বেগম (৫০) ও ধুনট উপজেলার আফজাল হোসেন (৩৮)।
শনিবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎবিহীন হওয়ার ২৪ ঘণ্টা পর অন্ধকারে রয়েছে বগুড়া জেলা ।
পুরো জেলায় পুনঃসংযোগে দিতে আরও এক সপ্তাহ লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বগুড়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সামুছুদ্দীন আহমেদ জানান, শনিবার সন্ধ্যা ৬টার ঝড়ে পুরো বিদ্যুৎ ব্যবস্থাই ভেঙ্গে পড়েছে। মাঠ পর্যায়ে কাজ চলছে।
তবে পল্লী বিদ্যুতের সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ চালু করতে এক সপ্তাহ সময় লাগবে।
রাজশাহী
রাজশাহীতে ঝড়ে পাঁচ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার ঝড়ে বাঘা ও পুঠিয়ার তিনজন এবং রোববার সন্ধ্যা পর্যন্ত গোদাগাড়ী, পবা উপজেলার আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
এরা হলেন- বাঘার পাকুড়িয়া গ্রামের প্রতিবন্ধী জাহানারা বেগম (৬০) ও কিশোরপুর গ্রামের ইমাজ উদ্দিন (৪৭), গোদাগাড়ীর চর আশাড়িয়াদহ গ্রামের মনোয়ারা বেওয়া (৬৫), পবার বড়গাছি সুবিপাড়া গ্রামের আব্দুল হাকিম (৩২) এবং পুঠিয়ার ভরতমাড়িয়া গ্রামের আদিবাসী নারী ফুলমনি (৬৫)।
জেলা প্রশাসক বলেন, ঝড়ে ৬ হাজার ৯৬৭টি বসতবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ হাজার ৯০টি বসতবাড়ি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৬টি।
ঝড়ে আনুমাণিক ২৫ কোটি ৭০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে, যার মধ্যে পান বরজ ও ভুট্টা ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কালবৈশাখী ঝড়ের সময় সিরাজগঞ্জে শনিবার বজ্রপাতে ও নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হন একজন।
মৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে ফজলার রহমার (৪৫) এবং কাজিপুরে পীরগাছা গ্রামের মোজাম্মল হক (৫৫)
নিখোঁজ রয়েছেন পীরগাছা গ্রামের আব্দুল খালেক ।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ২০/২৫ জন যাত্রী নিয়ে খাসরাজবাড়ি ইউনিয়নের পীরগাছার উদ্দেশ্যে রওনা হয়।
প্রচণ্ড ঝড়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। রাতেই ঘটনাস্থলের ভাটি থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন পীরগাছা গ্রামের আব্দুল খালেক।
পাবনা
পাবনায় শনিবারের কালবৈশাখী ঝড়ে নিখোঁজ এক নৌকার মাঝিরসহ দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।
এরা হলেন- জিল্লুর রহমান (৩৫) ও বখশ।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার জানান, জামুদ্দিন শনিবার সন্ধ্যায় মারা গেলেও রোববার সন্ধ্যায় পাকশী এলাকায় হার্ডিঞ্জ সেতুর এক কিলোমিটার ভাটিতে জিল্লুর রহমানের (৩৫) লাশ পান স্থানীয় জেলেরা।
নওগাঁ
নওগাঁয় শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছেন, আহত হন অর্ধশত।
নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক জানান এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে।
এছাড়াও জামালপুরে ঝড়ে নৌকা ডুবে একজন এবং নরসিংদী সদরে গাছ চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গছে।
