পহেলা বৈশাখে থাকবে বাড়তি নিরাপত্তা
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কেএম শহীদুল হক।
রোববার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় তিনি উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর, জেলা ও উপজেলাসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের সকল সিনেমা হল এবং জনসমাগমস্থলে আগের তুলনায় আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ প্রধান সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
তিনি অনুষ্ঠানস্থলে নিয়োজিত আইন-শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
এছাড়া রাজধানী ঢাকায় নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল এবং মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জরুরি উদ্ধার অভিযান চালানোর জন্য র্যাবের হেলিকপ্টারও নিয়োজিত থাকবে।
বর্ষবরণে নিরাপত্তামূলক কার্যক্রম সুষ্ঠু ও সার্বিক সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে পুলিশ সদরদপ্তর, সকল মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে।
রমনা পার্কেও থাকবে ঢাকা মহানগর পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম।
