বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, ব্যবস্থা জানতে ইসিতে চিঠি
চট্টগ্রামের একটি হোটেলে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী’ বৈঠকের বিষয়ে করণীয় জানতে ইসিতে চিঠি দিয়েছেন নির্বাচনী কর্মকর্তা।
রোববার রাতে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন স্বাক্ষরিত এ চিঠি ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়।
আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেনিনসুলা হোটেলে নির্বাচনী কৌশল নির্ধারণে যে সভা হয়েছিল সেখানে তিন জন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিল।
“এ বিষয়টি আমরা অবগত হয়েছি। বিষয়টি জানিয়ে কমিশনে চিঠি লিখেছি। এখন হয় কমিশন ব্যবস্থা নেবে অথবা করণীয় বিষয়ে আমাদের নির্দেশ দেবে।“
গত ১ এপ্রিল মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিনই বিষয়টি নিয়ে তদন্ত করার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন আবদুল বাতেন।
গত ৩১ মার্চ দুপুরে নগরীর জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার দোতলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়।
এতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপস্থিত ছিলেন।
এতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও জাসদের সাংসদ মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, দিদারুল আলম ও মাহফুজুর রহমান মিতাও ছিলেন।
বৈঠকে আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামের সরকারি আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, “নির্বাচন নিয়ে দলীয়ভাবে বসছি। নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে। এখানে একাধিকবার নির্বাচিত অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন। তারা অভিজ্ঞতা বিনিময় করেছেন।”
বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে ১ এপ্রিল রাতে লিখিত অভিযোগও দেওয়া হয়।
নজরদারিতে পুলিশ কমিশনার:
এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের নির্বাচন সংশ্লিষ্ট বক্তব্য ‘সরল’ বিশ্বাসে ধরে নিয়ে তার পরবর্তী কর্মকাণ্ড নজরদারিতে রাখা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
আবদুল বাতেন বলেন, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ ছিল। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি নগরীর পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য দিয়েছেন।
“তবে তদন্তে এ অভিযোগ পুরোপুরি প্রমাণিত হয়নি। তিনি সরল বিশ্বাসে নগরীর পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য দিয়েছেন বলে প্রতীয়মান হয়। তাই ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না করে সে নির্দেশ দেওয়া হয়েছে।”
রিটার্নিং কর্মকর্তা বলেন, তার কার্যক্রম ওয়াচে রাখা হবে। পরে আবার এ ধরণের কিছু হলে তাকে প্রয়োজনে অপসারণ বা অন্য কাউকে তার দায়িত্ব দিতে কমিশন হয়তো ব্যবস্থা নেবে।
“শুধু কথায় নয় তাকে দৃশ্যমান নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। এটা শুধু পুলিশ কমিশনার নয় সব সরকারি কর্মকর্তার জন্য প্রযোজ্য।”
পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের একটি সভায় দেওয়া বক্তব্য বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয় ১ এপ্রিল।
আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেই আচরণবিধি লঙ্ঘন করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন হবে নির্বাচনের মত। কোনো ছাড় দেওয়া হবে না।
