গাইবান্ধায় ঝড়ে নিহত ১
গাইবান্ধায় শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় যমুনা নদীতে নৌকা ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরেও আরেকদফা ঝড় বয়ে যায় জেলার উপর দিয়ে। এ সময় বজ্রপাতে ছয় ইটভাটা শ্রমিক আহত হন।
এছাড়া দুদিনের ঝড়ে সদর, গোবন্দিগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, সাদুল্লাপুর ও ফুলছড়ি উপজেলায় এক হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
গাছ পড়ে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ ছিল বন্ধ।
এ কারণে জেলা শহর থেকে প্রকাশিক চারটি দৈনিক পত্রিকার একটিও বের হয়নি রোববার।
নিহত সাহেরা বেগম (৩৫) সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
বজ্রপাতে আহতরা হলেন সাদুল্লাপুরের জয়েনপুর গ্রামের খুশি মিয়া (৩৪), সদরের বল্লমঝাড় গ্রামের জহুরুল ইসলাম (৩৫), সর্দারপাড়া গ্রামের আলমগীর হোসেন (৪৫), বল্লমঝাড় গ্রামের মিন্টু মিয়া (২৫), সাদুল্লাপুরের কিশামত শেরপুর গ্রামের মনোয়ারুল ইসলাম (১২) ও শালাইপুর গ্রামের অব্দুল আজিজ মিয়া (৪০)।
তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার পাতিলাবাড়ী চর থেকে কৃষিকাজ করে নৌকাযোগে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পরে নৌকাডুবিতে মাঝিসহ পাঁচজন যমুনা নদীতে নিখোঁজ হন।
চার জন সাঁতরে কূলে উঠলেও সাহেরা খাতুন নিখোঁজ ছিলেন। রোববার সকালে ওই এলকা থেকে এক কিলোমিটার দূরে সাহারা খাতুনের ভাসমান লাশ পাওয়া যায়।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রোববার বেলা ১২টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বৈরাগী বাজারের একটি ইট ভাটার শ্রমিকরা টিনের ছাপড়ার নিচে আশ্রয় নেন।
এ সময় বজ্রপাতে ওখানকার ছয় জনই আহত হন বলে জানান ওসি জিয়া।
স্থানীয়রা জানান, ঝড়ে আম, কাঠাল, লিচু ও জামের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বেশি ক্ষতি হয়েছে সদরের লক্ষ্মীপুর, কূপতলা, খোলাহাটি, বল্লমঝাড়, সাহাপাড়া, রামচন্দ্রপুর, বোয়ালি, ঘাঘোয়া, গিদারি, বাদিয়াখালি, সাঘাটার কচুয়া, কামালেরপাড়া, বোনারপাড়া, ফুলছড়ির ফুলছড়ি, গজারিয়া ও গোবিন্দগঞ্জের শাখাহার, শালমারা ও মহিমাগঞ্জ ইউনিয়নে।
গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন শামীম জানান, ১৫ থেকে ২০ মিনিটের স্থায়ী ঝড়ে তার ইউনিয়নে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত ও বসতবাড়িসহ রাস্তার পাশে অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
এছাড়া ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তিনি জানাতে পারেননি তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এখনও তাদের কাছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান আসেনি। মাঠে কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ফসলের ক্ষতি হয়েছে গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায়। কিন্তু তাদের কাছে সঠিক তথ্য নাই।
