৫০ হাজার শ্রমিক প্রশিক্ষণে চুক্তি সই
হালকা প্রকৌশল ও পোশাক শিল্প খাতের প্রায় ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
শ্রমিক প্রশিক্ষণে ‘বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (বিকেএমইএ) এবং ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন’- এর সঙ্গে পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সরকারের পক্ষে সই করেন অর্থ বিভাগের যুগ্ম-সচিব ও ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি) এর জাতীয় প্রকল্প পরিচালক জালাল আহমেদ।
এছাড়া ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষে সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক এবং বিকেএমইএ’র পক্ষে সংগঠনের প্রথম সহ-সভাপতি এ এম আসলাম সানী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এসইআইপিয়ের আওতায় শ্রমিকদের দক্ষতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় তিন বছরে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় বিকেএমইএ ৬৯ কোটি ৪১ লাখ টাকা এবং ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন’ ১৬ কোটি ৩৮ লাখ টাকা পাবে।
চুক্তির আওতায় বিকেএমইএ ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে তাদের ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৪১ হাজার ৩১০ জন শ্রমিককে প্রশিক্ষণ দেবে।
‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন’ প্রশিক্ষণ দেবে ৮ হাজার ৯৪০ জন শ্রমিককে।
অনুষ্ঠানে যুগ্ম-সচিব জালাল আহমেদ বলেন, এই প্রথম সরকার বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। বেসরকারি উদ্যোক্তারা এটি বাস্তবায়ন করলেও অর্থবিভাগ এটা মনিটরিং করবে।
মানব সম্পদ উন্নয়নে একটি তহবিল গঠনেরও সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানান জালাল আহমেদ।
