২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের নিয়ে ইসির বৈঠক ১১, ১২ ও ১৩ এপ্রিল

তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে ১১, ১২ ও ১৩ এপ্রিল মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতবিনিময় সভার তারিখ ও ভেন্যু প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। নির্ধারিত দিনে সকাল ১১ টায় প্রার্থী, ইসি কর্মকর্তা, গণমাধ্যম ও নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে এ সভা হবে।”

১১ এপ্রিল চট্টগ্রামের মুসলিম হলে এবং ১২ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উত্তর সিটি করপোরেশন ও ১৩ এপ্রিল দক্ষিণ সিটি করপোরেশনে এই মতবিনিময় হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য, নির্বাচন কমিশন সচিব এবং নির্বাচন কমিশনাররা এতে অংশ নেবেন।

এ সভায় নির্বাচনী আইন ও বিধি যথাযথভাবে মেনে চলতে এবং ভোটের পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চাইবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দেড় হাজারেরও বেশি প্রার্থী রয়েছেন। তবে কেউ চাইলে ৯ এপ্রিলের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন।

ঢাকা উত্তরে মেয়র পদে ১৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

আর দক্ষিণে মেয়র পদে ২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২২ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছে।

চট্টগ্রামেও তিনটি পদে ছয় শতাধিক প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর ১০ এপ্রিল প্রার্থীদের প্রতীক দেবেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তিন নগরে ভোট হবে ২৮ এপ্রিল।

পুরনো খবর:

প্রার্থীদের সঙ্গে বসবেন সিইসি
ঢাকা উত্তর-দক্ষিণে দুই শতাধিকের প্রার্থিতা বাতিল