পাবনায় ঝড়ে আরেকজনের মৃত্যু
পাবনায় শনিবারের কালবৈশাখী ঝড়ে নিখোঁজ এক নৌকার মাঝির লাশ উদ্ধার করো হয়েছে।
রোববার সন্ধ্যায় পাকাশী এলাকায় হার্ডিঞ্জ সেতুর এক কিলোমিটার ভাটিতে জিল্লুর রহমানের (৩৫) লাশ পান স্থানীয় জেলেরা।
জিল্লুর পাকশী চররূপপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
এ নিয়ে শনিবার সন্ধ্যার ঝড়ে দুজনের মৃত্যু হলো।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ে বালুবাহী একটি নৌকা ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা অন্য চার জন বালি শ্রমিক সাঁতরে নদীর কূলে উঠে এলেও নৌকার মাঝি জিল্লুর নিখোঁজ ছিলেন।
সন্ধ্যায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা তার লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামের লোকজন লাশটি সনাক্ত করেন বলে জানান ওসি।
এছাড়া জেলা শহরের চাঁদমারী এলাকায় এক চায়ের দোকানির মৃত্যু হয়েছে গাছচাপায়।
জামুদ্দিন বখশ নামের ওই ব্যক্তি নিজের দোকানে ছিলেন। ঝড়ে গাছচাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
