২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মামলা নিয়ে খালেদার আবেদন প্রধান বিচারপতির হাতে

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদনের রায় না দিয়ে পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:26 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

একই সঙ্গে গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদার করা তিনটি আবেদনও প্রধান বিচারপতির সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

এই বেঞ্চে বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা নিয়ে খালেদার আবেদনের রায় ঘোষণার কথা ছিল এদিন। গ্যাটকো ও নাইকো মামলা নিয়ে খালেদার আবেদনের পরিপ্রেক্ষিত দেওয়া রুলের শুনানিও এ বেঞ্চের কার্যতালিকায় ছিল।

সে অনুযায়ী দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আদালতে হাজির থাকলেও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আসেন বেশ কিছুক্ষণ পরে।

খুরশিদ আলম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়ার আইনজীবীরা সহযোগিতা না করায় আদালত বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। একইসঙ্গে গ্যাটকো ও নাইকো মামলায় খালেদা জিয়ার আবেদনের বিষয়ে পরবর্তী শুনানির বিষয়টিও প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন।”

সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবাধয়ক সরকারের সময় এই মামলা করা হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হওয়ার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়। হাই কোর্টের ওই আদেশ আপিলেও বহাল থাকায় আটকে যায় খনি দুর্নীতি মামলা।

সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

গত ৩ ও ৫ মার্চ  বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে চূড়ান্ত শুনানির পর আদালত রায়ের জন্য ১০ মার্চ দিন রাখে। পরে তা পিছিয়ে ৫ এপ্রিল নতুন তারিখ রাখা হয়।

এরইমধ্যে খালেদার আইনজীবীরা বেঞ্চ পরিবর্তনের জন্য হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এরপর গত ২ এপ্রিল তারা ওই আবেদনটি প্রধান বিচারপতির কাছে দেন। 

এদিকে কার্যতালিকার ক্রম অনুসারে খালেদার আবেদনের বিষয়টি রোববার বেলা আড়াইটার দিকে হাই কোর্টে ওঠে।

আবেদনকারীর কোনো আইনজীবী সে সময় উপস্থিত না থাকায় খুরশিদ আলম খান আদালতকে বলেন, “খালেদা জিয়ার আইনজীবীদের বিষয়টি অবহিত করার চেষ্টা করেছি।”

জবাবে আদালত বলেন, “এটা আন ফরচুনেট। ইট ইজ অলসো আন ইথিক্যাল। তারা এসে সময় চাইল। আমরা সময় দিয়েছি, বলেছি শুনানি করব। তারপরেও আসলেন না।

“এই দৃশ্য আমাদের জন্য এবং জুডিশিয়ারির জন্য সুখকর নয়,” বলেন একজন বিচারক।  

বেলা ২টা ৪০ মিনিটে খালেদার আইনজীবী বদরুদ্দোজা বাদল এ আদালতে উপস্থিত হন। প্রধান বিচারপতির কাছে আবেদন করার বিষয়টি বেঞ্চকে জানান তিনি। পরে আদালত আদেশ দেয়।

জরুরি অবস্থার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও সম্প্রতি সচল করার উদ্যোগ নেয় দুদক। 

দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করেন। পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

এতে অভিযোগ করা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

২০০৮ সালের ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট, সেই সঙ্গে দেওয়া হয় রুল। সেই স্থগিতাদেশ বহাল থাকে আপিল বিভাগেও; ফলে মামলাটি আটকে যায়।

আর গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করা হয় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর। তেঁজগাও থানার এ মামলায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

ওই মামলা হওয়ার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর হাই কোর্টে আলাদা দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো।

এর তিন দিন পর ওই খালেদা ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেয় হাই কোর্ট। মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করা কেন ‘বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। তবে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ পরে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। 

দুদক আইনে গ্যাটকো মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে আরেকটি রিট আবেদন করেন খালেদা জিয়া। তার আবেদনে হাই কোর্ট আবারও মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।