২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছির-শেঠকে সর্তক করল নির্বাচন কমিশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠকে সর্তক করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

রোববার বিকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের সর্তক করা হয়।

এছাড়া তিনটি ওয়ার্ডের মোট পাঁচ কাউন্সিলরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে।

চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ মার্চ নগরীর হালিশহরে মাতৃভূমি কমিউনিটি সেন্টারে ৩০০ জনের উপস্থিতিতে আ জ ম নাছির উদ্দিন এক বৈঠক করেন।

“এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমাদের তদন্তেও প্রমাণ মিলেছে। এজন্য লিখিতভাবে তাকে সর্তক করা হয়েছে।”

এদিকে নির্ধারিত ২১ দিনের আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করায় গত ৩০ মার্চ মেয়র প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে কারণ দর্শাতে বলেছিল নির্বাচন কমিশন।

ওই বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয় শেঠকে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, উনি লিখিত জবাব দিয়েছেন। জবাব পাওয়ার পরই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে সর্তক করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের মো. আসলাম ও মিজানুর রহমান, ৯ নম্বর উত্তর পাহাড়তলির এরশাদুল মামুন ও জহিরুল আলম জসিম এবং ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের নাজমুল হককে।

এই ‍পাঁচ জনকেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।