গাজীপুরে কভার্ডভ্যানে ট্রেনের ধাক্কা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি কভার্ডভ্যানে ধাক্কা দিয়েছে ট্রেন। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার দুপুরে খাড়াজোড়া রেলক্রসিংয়ে কালামপুর-বক্তারপুর সড়কে জিসকা ফার্মা কোম্পানির একটি কভার্ডভ্যানে ধাক্কা দেয় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস।
দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেন তা অনেকদূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়।
ট্রেনের সহকারী চালক মো. তোফায়েল আহমেদ জানান, ট্রেনটি ঈশ্বরদী থেকে ঢাকার যাচ্ছিল। কালিয়াকৈরের খাড়াজোড়া রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ক্রসিংয়ে থেমে থাকা একটি কভার্ডভ্যান দেখে বার বার হুইস্যাল দিলে তা সরেনি।
এ সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ভ্যানটিকে ধাক্কা দেয় ট্রেন।
পরে ট্রেনটির সঙ্গে ভ্যানটি আটকে প্রায় এক কিলোমিটার পথ চলার পর ট্রেনটি থেমে যায়।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা রেলপথ থেকে ভ্যানটি সরিয়ে নেওয়ার পর বেলা দেড়টার দিকে ঢাকার পথে যাত্রা শুরু করে ট্রেন।
ট্রেনে থাকা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, কভার্ডভ্যানটি কালিয়াকৈরর সুরিরচালা এলাকায় কারখানায় যাওয়ার পথে ওই ক্রসিংয়ে বিকল হয়ে পড়ে।
দুর্ঘটনার আগে ভ্যানে থাকা চালকসহ লোকজন নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
