২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ও জনগণের দূরত্ব কমাতে হবে: আইজিপি

অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যকর টেকসই ও গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, “পুলিশ ও জনগণের দূরত্ব কমাতে না পারলে গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

“গোটা বিশ্বে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। পুলিশ ও জনগণের মধ্যে সু সম্পর্ক গড়ে তোলা ও ‘পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’ নীতি সমাজে প্রতিষ্ঠা করতেই দেশে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।”

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন পুলিশ প্রধান শহীদুল।

ইতোমধ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সুফল শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসছে।”

সমাবেশে সিলেট জেলার এক হাজারের বেশি কমিউনিটি পুলিশ সদস্য অংশ নেন।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিতে সমাবেশে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক শহীদুল ইসলাম বক্তব্য দেন।