২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার হয়রানির অভিযোগ নোমানের

‘রাজনৈতিক মামলায়’ ২০ দলীয় নেতা-কর্মীদের হয়রানি করে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের সরকার সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে শনিবার নগরীর দেওয়ান হাটে ২০ দলীয় জোটের সভায় বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

নোমান করেন, “সরকারদলীয় মন্ত্রী ও সাংসদরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না।

“রাজনৈতিক মামলায় ২০ দলীয় নেতাকর্মীদের হয়রানি করে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের সরকার সুবিধা দেওয়ার চেষ্টা করছে।”

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হলে ৫ জানুয়ারির মতো এই নির্বাচনও বয়কটের হুমকি দেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

আসন্ন নির্বাচনে মেয়র পদে এম মনজুর আলমকে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে জয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নোমান।

জাতীয় পার্টি একাংশের আহবায়ক আবু নাছেরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের আব্দুর রহমান, জাতীয় পার্টির নূর মোহাম্মদ, কল্যাণ পার্টির মো. ইলিয়াছ প্রমুখ।