গাইবান্ধায় চরের ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নদী চরের জমির ধান কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ নয়জন।
নিহত হাতেম মিয়া (৪২) কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার উত্তরপাড়া গ্রামের জানু মণ্ডলের ছেলে।
গোন্দিগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে ফুলহার উত্তরপাড়া গ্রামের করতোয়া নদীর চরে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে হামিদুল ইসলাম (৫৫), মর্জিনা বেগম (৪৫), মাহফুজ আকতার (৪০), লুৎফর রহমান (৫৫), আয়শা বেগম (৫৮) ও রওশন আরাকে (৬৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহিদুল বলেন, “ফুলহার গ্রামে করতোয়া নদী চরের একটি খাস জমি নিয়ে হাতেম মিয়ার সঙ্গে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ি গ্রামের নূরুন্নবী মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার দুপুরে নূরুন্নবী ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই চরের জমির ধান কাটতে যান। খবর পেয়ে হাতেম ও তার লোকজন গিয়ে বাধা দিলে দুইপক্ষের সংর্ঘষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই হাতেম মারা যান।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
