২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় বিক্ষোভ

গাজীপুরে একটি পোশাক কারখানার ট্যাংকের পানি পান করে অসুস্থ হওয়ার জের ধরে বিক্ষোভ ও কর্মবিরতি করেছেন শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 02:37 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আবদুল্লাহ হেল বাকী সাংবাদিকদের জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম আহমেদসহ ৩/৪ জনকে মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

শ্রমিদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক বাকী।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টেস কারখানার ট্যাংকের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ পরিদর্শক বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম আহমেদসহ ৩/৪ জন কর্মকর্তাকে মারধর করে। পরে কারখানার ভেতর বিক্ষোভ এবং ভাংচুরের চেষ্টা করে তারা। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।