২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পান চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পান চোর সন্দেহে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 01:57 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

নিহত আবদুল হান্নান (৪৪) উপজেলার বাটিয়াপাড়া গ্রামের মৃত টগর মালিথার ছেলে। 

শনিবার ভোররাত ৪টার দিকে ওই ঘটনায় হান্নানের সহযোগীদের দায়ের কোপে পান বরজের মালিক রিন্টু বিশ্বাস আহত হয়েছেন বলে আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার থেকে পাঁচ জনের একটি দল ভোররাতে পান চুরি করতে রিন্টু বিশ্বাসের বরজে হানা দিয়েছিল।

“এসময় রিন্টু বাধা দিলে চোরেরা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। রিন্টুর চিৎকারে এলাকাবাসী তাদের ধাওয়া করে হান্নানকে ধরে পেটায় ও কুপিয়ে আহত করে।”

ধারালো অস্ত্রের আঘাতে হান্নানের একটি হাত মারাত্মক জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ধারণা পুলিশ কর্মকর্তা মামুনের।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।