সীতাকুণ্ডে ট্রাকচাপায় এএসআই নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
নিহত জানে আলম (৪৫) সীতাকুণ্ড শিল্পপুলিশে কর্মরত ছিলেন বলে হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, নিহত এএসআই শিল্পপুলিশ থেকে বৃহস্পতিবার থানায় এসেছিলেন।
“জানে আলম রাতে পাঁচ সদস্যের ‘ফুট পেট্রোল’ দলের সঙ্গে ছিলেন।”
পরিদর্শক ইয়াছিন বলেন, শনিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনার সময় জানে আলম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইমামনগর তালতলা সেতুর কাছে টহল দলের সঙ্গে ছিলেন।
“চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডমুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে থাকা জানে আলমকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।”
লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জানে আলমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়।
