চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে অবৈধ ১২ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সংলগ্ন এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
শুক্রবার সকালে উচ্ছেদ অভিযানে ১২টি দোকান অপসারণ করা হয়।
এসময় দোকান মালিকরা সিডিএর বিরুদ্ধে আদালতের রিট নিষ্পত্তি হওয়ার আগে স্থাপনা উচ্ছেদের অভিযোগ করেন।
উচ্ছেদ অভিযানে থাকা সিডিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম সাংবাদিকদের বলেন, যে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেটার কোনো অনুমোদন ছিল না। পাশাপাশি মালিকপক্ষ মূল নকশা পরিবর্তন ঘটিয়ে এ স্থাপনা নির্মাণ করেছে।
“২০০৯ সালে মালিকপক্ষকে উচ্ছেদের নোটিশ দেওয়া হলে তারা হাইকোর্টে রিট করে। রিটটি গত বৃহস্পতিবার হাইকোর্ট বাতিল করে দিয়েছেন।”
স্থাপনার মালিক সৈয়দ জিয়াদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
উচ্ছেদের বিষয়ে সে আদেশ মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাননি বলেও অভিযোগ দোকান মালিকদের।
