সাইকেলের জন্য আলাদা লেনের দাবিতে শোভাযাত্রা
বাই সাইকেলের জন্য সড়কে পৃথক লেনের দাবিতে রাজধানীতে শোভাযাত্রা করেছে একটি সংগঠন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৪র্থ সাইকেল লেন দিবস ২০১৫ উপলক্ষে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনবহুল ঢাকা শহরের প্রতি কিলোমিটারে ৪৪ হাজার মানুষ বসবাস করে। তাই সাইকেল লেন করা সম্ভবপর না হলেও সাইক্লিংয়ের জন্য লেন দরকার।
“সাইকেল চালালে শরীর সুস্থ থাকে, পরিবেশেরও সুস্থ রাখে। সুস্থ পরিবেশের জন্য সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিষদের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেন খাদ্য মন্ত্রণালয়ে সচিব মাহবুব সরকার, বুয়েটের শিক্ষক অধ্যাপক আমিনুল হক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটির লায়লুন নাহার ইকরাম ও সাংবাদিক আলী নিয়ামত।
