২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুলের সমর্থককে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের সমর্থক এবং পাঁচ কাউন্সিলর প্রার্থীকে ৬৬ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:40 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

ব্যবসায়ী আনিসুল হকের সমর্থক প্রকৌশলী আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা এবং ৫ কাউন্সিলরকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী হাকিম সারওয়ার আলম জানান।

আনোয়ার হোসেনকে জরিমানা করা হয়েছে নির্ধারিত সময়ের আগে আনিসুল হকের পক্ষে পোস্টার লাগিয়ে প্রচারের দায়ে। নিয়ম অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষে প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার চালাতে পারেন না।

একই কারণে কাউন্সিলর পদপ্রার্থী ইব্রাহীম খাঁ, হাসান মোল্লা, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ও পারভীন হোসেনকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। 

এদিকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার মেয়র পদে দুই জন এবং  কাউন্সিলর পদে ৫৩ জন আপিল আবেদন করেছেন। ঢাকার বিভাগীয় কমিশনার শনিবার এসব আবেদনের শুনানি করবেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, উত্তরে মেয়রপ্রার্থী নাইম হাসান ও দক্ষিণে সরদার বাবুল চাখারী আপিল আবেদন করেছেন।

এর আগে ঢাকা উত্তরে আবদুল আউয়াল মিন্টু এবং দক্ষিণে নাসির উদ্দিন পিন্টু ও রেজাউল করিম চৌধুরী প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন।