২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ: আইজিপি

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় আরআরএফ পুলিশ লাইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘নিয়ে যায়নি’ মন্তব্য করে আইজিপি বলেন, “উনার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।”

“আর উনি নিখোঁজ হয়ে থাকলেও পুলিশ তাকে উদ্ধার করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’

৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের অবরোধে যে সহিংসতা হয়েছে পুলিশ ‘দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে’ বলেও মন্তব্য করেন আইজিপি শহীদুল হক।

তিনি বলেন, “সন্ত্রাসের কাছে পুলিশ আপোস করে নাই। শত প্রতিকূলতার মাঝেও পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।”

“টানা আন্দোলন করে তারা পেট্রোল বোমা-জ্বালাও পোড়াও করে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু পুলিশের তৎপরতায় উল্টো তাদের মনোবল ভেঙে গেছে।”

পুলিশ মহাপরিদর্শক বলেন, গত তিন মাসে সহিংসতায় ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ৩০০ পুলিশ গুরুতর আহত হয়েছেন। নানাভাবে আঘাত পেয়েছেন আরও তিন হাজার পুলিশ।

পুলিশের আবাসন সংকটের কথা উল্লেখ করে শহীদুল হক বলেন, দেশে মোট পুলিশের মাত্র তিন দশমিক ০৫ শতাংশ আবাসিক সুবিধা পায়। বাকিদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে।

২০০৯ সালের পর বাজেটে পুলিশ খাতে বরাদ্দ তিন গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশের বেতন ভাতা বেড়েছে। পুলিশের জীবনমান উন্নয়নেরও কাজ চলছে।”

আরআরএফ সিলেটের কমান্ডার আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, গণপূর্ত অধিদপ্তর সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম বক্তব্য দেন।