২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় আরো পাঁচ লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 01:09 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ লাশ উদ্ধার

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ থাকার তথ্য না থাকলেও শনিবারও নদীতে তল্লাশি চালানো হবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের টহল ও ডুবুরি দল আবারও নদীতে উদ্ধার তৎপরতা শুরু করলে পাঁচজনের লাশ পাওয়া যায়। এদের মধ্যে কয়েকজনের লাশ ভেসে উঠেছিল।

এরা হলেন, ঢাকার লালবাগের শহীদ নগরের আজিজুল হকের ছেলে মাদ্রাসা ছাত্র হাবিব (১২), একই এলাকার  মৃত ওয়াহেদ আলীর ছেলে আবদুস সামাদ (৩৫), মানিক মিয়ার ছেলে কাজল (২৫), খলিল মিয়ার ছেলে ঝন্টু (২৫) এবং হোসেন আলীর ছেলে জলিল মিয়া (৫৫)।

বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে কেরাণীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’ নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

আশপাশের লোকজনের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন। দুর্ঘটনার পরপরই নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধারকর্মীরা নদী থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলটি কেরানীগঞ্জে হলেও ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে আরো তিনজনের লাশ উদ্ধার করে।