২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বিজিবি সদস্যের বাড়িতে মাতম

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে নিহত বিজিবি সদস্যের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 10:19 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বুধবার রাতে কক্সবাজারের হিমছড়ি ও রেজু খালের মাঝামাঝি পাহাড়ি এলাকায় বন্য হাতি বিজিবির একটি টহল দলের উপর হামলা চালায়।

বৃহস্পতিবার ভোরে হাবিবুর রহমানের (৪৫) লাশ পাওয়া যায়। হাবিবুরের বাড়ি ঝালকাঠীর চরবাটারাকান্দা গ্রামে। 

সকালে তার মৃত্যুর খবর বাড়ি পৌঁছলে মা, স্ত্রী, দুই মেয়েসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

বৃদ্ধ বাবা রশিদ গাজীকে (৭০) এখনও ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

মা সুফিয়া বেগম (৫৫) কোনোভাবেই মানতে পারছেন না তার ছেলে মারা গেছেন।

বিলাপ করতে করতে তিনি বলেন, “দুই মাস আগেও বাবায় আমার বাড়ি আইছিল, বাবায় আমারে ছাইরা যাইতে পারে না।”

স্ত্রী শাহানাজ বেগম (৩০) ও দুই মেয়ে বর্ণা (১০) ও বুশরা (৭) কাঁদার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন।

হাবিবুরের চাচা বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুর রহমানের ডাক নাম বাচ্চু। ২২ বছর ধরে তিনি বিজিবিতে (আগে বিডিআর) চাকরি করেছিলেন।

সর্বশেষ ল্যান্স নায়েক পদে কর্তব্যরত ছিলেন তার ভাতিজা।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে তারা মৃত্যুর খবর জানতে পারেন। সকালেই লাশ ঝালকাঠীর পথে যাত্রা করেছে।

বাড়িতে লাশ পৌঁছাতে রাত ১২টা পেরিয়ে যাবে জানিয়ে বজলুর রহমান বলেন, শুক্রবার সকালে গ্রামের বাড়ির পরিবারিক গোরস্থানে এই বিজিবি সদস্যকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

পুরনো খবর:

কক্সবাজারে হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু