মাদ্রাসায় সাহায্য না করার কথা বলিনি: বন্যা
রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা লন্ডনের একটি অনুষ্ঠানে তার করা মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভূত সমালোচনার জবাবে বলেছেন, মাদ্রাসা শিক্ষা নিয়ে তিনি কোনো কথা বলেননি।
তার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করা হয়েছে জানিয়ে স্বনামখ্যাত এই শিল্পী এক বিবৃতিতে বলেছেন, অনানুষ্ঠানিক সভার কথাবার্তাকে মনগড়াভাবে প্রচার করা ‘দুঃখজনক’।
সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বন্যা। তাকে উদ্ধৃত করে দুয়েকটি ইন্টারনেট প্রকাশনা শিরোনাম করে, “মাদ্রাসায় সাহায্য না করতে শিল্পী বন্যার আহ্বান।”
শিরোনামের কথিত এই বক্তব্য ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীকে নিয়ে সমালোচনা হয়।
শিল্পী হিসেবে নিজের সামাজিক দায়িত্ব পালনের কথাও তিনি তুলে ধরেন বিবৃতিতে।
তিনি বলেন, “সঙ্গীতশিক্ষারও কিছু সামাজিক দায়িত্ব রয়েছে। বহু বছর ধরে ‘সুরের ধারা’ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে আসছি। এ বিষয়ে আমার পরিচিতজনদেরও উদ্বুদ্ধ করার চেষ্টা করি সাধ্যমতো ।”
ঘরোয়া অনুষ্ঠানটির বর্ণনা দিয়ে বন্যা বলেন, “……… সেখানে চেনাজানা নিকটজনের পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন। এমন একটা বিশেষভাবে আয়োজিত অনানুষ্ঠানিক সভায় নানা রকম কথাবার্তা হয়েই থাকে। ওই অনুষ্ঠানে আমার মন্তব্য হিসেবে কিছু অযাচিত কথা দুএকটি ইন্টারনেট প্রকাশনায় প্রচারিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তার বক্তব্যের পর বিষয়টি পরিষ্কার হবে আশাপ্রকাশ করে তিনি বলেন, “ঘরোয়া অনুষ্ঠানের লঘু কথার বিষয়টি যারা মনগড়াভাবে প্রচার করছেন, আশা করি আমার এই বিবৃতির পরে, তারা অনুগ্রহ করে ক্ষান্ত দেবেন।”
ওই অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রেস-পাবলিকেশন সেক্রেটারি লুতফর রহমান সৈয়দ, আফসার খান সাদেক ও লন্ডন বেতার বাংলার উপস্থাপক ড. আনিছুর রহমান আনিছ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্তত দুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসা শিক্ষায় সহায়তা না করার জন্য কোনো কথা বন্যা বলেননি।
