গাজীপুরে ঝড়ে নিহত ২
গাজীপুরে ঝড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের ভোগড়া, বাসনসড়ক, মালেকেরবাড়ি, জাঝর, ইশ্বড্ডাসহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
নিহতরা হলেন, নাওজোর এলাকার ভেকু চালক সিরাজুল ইসলাম (৩০) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩৫)।
নাওজোর এলাকার ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঘরের দেয়াল ধসে সিরাজুল এবং বাসন সড়ক এলাকার নির্মাণাধীন একটি কারখানার ষষ্ঠ তলা ভবনের উপর থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি মারা যান।
সিরাজুলের সহকারী রাজনও আহত হয়েছেন।
তিনি বলেন, “ঝড়ে ভাড়া বাসার ইটের ঘর ভেঙ্গে পড়লে সিরাজুল ইসলাম আহত হন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।”
ঝড়ে গাছের ডাল, টিন ও দেয়াল ধসে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস বলেন, জেলা প্রশাসক নূরুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিহত প্রত্যেকের দাফনের জন্য পাঁচ হাজার টাকা প্রদান ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের আশ্বাস দিয়েছেন।
