শ্রীমঙ্গলে মিনিবাস উল্টে নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চালক নিয়ন্ত্রণ হারালে একটি মিনিবাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৫ যাত্রী।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কেএম নজরুল জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার কালাপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
আহতদের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুরুষ ও নারীসহ হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ পরিদর্শক নজরুল জানান, যাত্রীবাহী মিনিবাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের শেরপুরে যাচ্ছিল। কালাপুর বাজার এলাকা অতিক্রম করার পর মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
আহত যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
তবে একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষলে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনু মিয়া নামে এক বাসযাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান শ্রীমঙ্গল থানার পরিদর্শক নজরুল।
