‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত: ২টি মামলা
বাগেরহাটের রামপালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘জলদস্যু’ কামরুল শেখের (৩৫) লাশের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ঘটনায় র্যাব বাদী হয়ে নিহত কামরুল শেখসহ অজ্ঞাত পরিচয় ১০/১১ জনের বিরুদ্ধে রামপাল থানায় দুটি মামলা দায়ের করেছে।
বুধবার সন্ধ্যায় রামপালের কাটাখালী এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কামরুল শেখ নিহত হন।
র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের ডিএডি বিদ্যুৎ রায় বাদী হয়ে নিহত জলদস্যু কামরুল শেখ ও তার ১০/১১ অনুসারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন।
র্যাব জানায়, জলদস্যুর ৮-৯ জনের একটি দল সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র্যার-৮ অভিযান চালালে দুপক্ষের গোলাগুলি হয়।
প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর দস্যুদল পিছু হটলে র্যাব সেখানে তল্লাশি চালিয়ে কামরুলে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে এবং দেশিবিদেশি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করে।
