২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঋণের মামলায় শিপইয়ার্ড মালিক গ্রেপ্তার

ব্যবসার প্রয়োজনে নেওয়া ঋণ নির্ধারিত পরিশোধ না করায় এক আর্থিক প্রতিষ্ঠানের করা মামলায় চট্টগ্রামের এক জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বুধবার গভীর রাতে খুলশী এলাকা জাকির হোসেন লেনের বাসা থেকে ‘ফরচুন শিপইয়ার্ডের’ মালিক মো. সরফুদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে পাঁচ কোটি ঋণ নিয়েছিলেন সরফুদ্দিন।

“অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।”

আইএফআইএল চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ঋণ পরিশোধে বার বার তাগাদা দেওয়ার পরও সরফুদ্দিনের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

“ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অডিট করতে তার প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, তিনি অর্ধনির্মিত দুটি জাহাজ আমাদের না জানিয়ে বিক্রি করে দিয়েছেন।”

ঋণ নেওয়ার শর্তভঙ্গ করে জাহাজ বিক্রি ও টাকা পরিশোধ না করায় সরফুদ্দিনের বিরুদ্ধে গত ২৯ মার্চ অর্থ আত্মসাতের মামলা করা হয় বলে জানান মাহবুব।